প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে সিটি আইটি মেলা

২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:২৯  
প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবং প্রযুুক্তি পণ্য ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে সিটিআইটি মেলা। ‘প্রযুক্তিই অগ্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে  বিসিএস কম্পিউটার সিটির ২০ বছর পূর্তি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। চার দিন ধরে চলবে মেলা। শনিবার ( ২৯ ফেব্ররুয়ারি) বিসিএস-এর নিজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার লোগো উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মেলায় আহবায়ক এ ল মজহাব ইমাম চৌধুরী, ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহাবুবুর রহমান, রায়ান্স কম্পিউটার্সের কর্ণধার আহমেদ হাসান জুয়েল, আসুস বাংলাদেশের বিজনেস ডেভলাপমেন্ট ম্যানেজার আল ফুয়াদ, লেনোভোর সেলস ম্যানেজার রাশেদ কবির ও এইচপির বিজনেস ডেভলাপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ। মেলায় আহবায়ক এ ল মজহাব ইমাম চৌধুরী জানান, প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ও প্রযুুক্তি পণ্য ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে এবং ক্রেতারা যাতে বিশেষ ছাড়ে পণ্য কিনতে পারে সেই জন্যই আমরা এই মেলার আয়োজন করে থাকি। তিনি আরো বলেন, মুজিব শতবর্ষকে সামনে রেখে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই মেলায় দেশি-বিদেশি নামি-দামী ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে থাকছে আকর্ষনীয় পুরস্কার ও নানা রকম অফার। প্রতিদিন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য থাকছে প্রযুক্তিপণ্য উপহার, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ভাগ্যবান দর্শনার্থীরা পেয়ে যেতে পারেন স্মার্ট টিভি, গেমিং কি-বোর্ড, গেমিং মাউস, পাওয়ার ব্যাংকসহ নানা ধরনের চমকপ্রদ উপহার। এছাড়াও সাধারণ দর্শনার্থী ও ক্রেতাদের জন্য থাকছে সেলফি প্রতিযোগিতা, মুভি-শোসহ আরো অনেক কিছু। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম।